কুষ্টিয়া থেকে অপহৃত শিশু ফরিদপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া থেকে অপহৃত শিশু ইলিয়াস বিশ্বাসকে (১২) ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আখতারুজ্জামান জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিল মাহমুদপুর গ্রামের আদেল মাতুব্বরের ডাঙ্গি এলাকার আলাল খলিফার বাড়িতে সামাজিক অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে শিশুটি ঢুকে পড়ে। পরে এলাকাবাসী শিশুটিকে খাইয়ে রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করেন।
শিশুটি জানায়, তার নাম ইলিয়াস। বাবার নাম মো. কালাম বিশ্বাস। বাড়ি কুষ্টিয়ার পাইকপাড়া গ্রামে। সে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। বুধবার সকালে বাড়ি থেকে সে কোচিং সেন্টারে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর মাইক্রোবাসটি ফরিদপুরের মুন্সিবাজার এলাকায় পৌঁছালে মাইক্রোবাস থেকে লোকজন নেমে যাওয়ার পর কৌশলে সে নেমে পড়ে। পরে স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি খুলে বললে তাঁরা পুলিশকে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান জানান, বুধবার রাত ১২টার দিকে মুন্সিবাজার এলাকা থেকে শিশুটিকে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। শিশুটির পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে। অপহৃত হওয়ায় ভয় ও অনিশ্চয়তার কারণে শিশুটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। এ জন্য বুধবার রাতেই তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর জেনারেল হাসপাতালের শিশুবিশেষজ্ঞ আবদুল্লা হিল আবু সায়েদ জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।