কুষ্টিয়া থেকে অ্যাম্বুলেন্সও যাচ্ছে না রাজশাহীতে
কয়েক দিন ধরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কুষ্টিয়া থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্স রাজশাহীতে যেতে চাইছে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর স্বজন বিল্লাল হোসেন জানান, গত রোববার রাতে চিকিত্সকেরা উন্নত চিকিত্সার জন্য তাঁর আত্মীয় ওই রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের ছাড়পত্র দেন।গত সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে একের পর এক বেসরকারি প্রায় সাতটি অ্যাম্বুলেন্সের চালককে অনুরোধ করলেও তাঁরা রাজশাহী যেতে রাজি হননি। চালকেরা জানান, রাজশাহীর বর্তমান ঘটনার কারণে তাঁরা সেখানে যাবেন না।অ্যাম্বুলেন্সের জনৈক মালিক মামুনুর রহমান জানান, কয়েক দিন আগে দাশড়িয়া মোড়ে অ্যাম্বুলেন্সের চালককে মারধর করে হরতাল-সমর্থকেরা। আর রাজশাহীর অবস্থা তো খুবই ভয়াবহ। গাড়ির ক্ষতি হবে আশঙ্কায় রাজশাহী মেডিকেলের কোনো রোগী বহন করা হচ্ছে না। যোগাযোগ করা হলে একই ধরনের কথা বলেন আরও কয়েকজন অ্যাম্বুলেন্সের মালিক।নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়ায় বেসরকারি এক হাসপাতালের ব্যবস্থাপক বলেন, হরতালে পিকেটাররা অ্যাম্বুলেন্সও মানছে না। রাজশাহী মেডিকেল কলেজে যেতে হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যেতে হয়। এ জন্য অনেকে এখন রাজশাহী যেতে চাইছে না।