কুষ্টিয়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সরকার দাবি মেনে নিলেও গেজেট প্রকাশ না করায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বুধবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে পলিটেকনিকে আবার ফিরে যান।
মজমপুর রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য ও পদের নাম পরিবর্তন করে তা গেজেট প্রকাশের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
একই দাবিতে গত ২২ সেপ্টেম্বর একই জায়গায় তাঁরা মহাসড়ক অবরোধ করেছিলেন।
পেশাগত বৈষম্য নিরসন ও সুপারভাইজিং পদ পরিবর্তনসহ দুই দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সম্প্রতি বিক্ষোভ করেন।
পরে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীরা চাকরিতে যোগ দেওয়ার সময় সুপারভাইজার নয়, তাঁদের পদ হবে উপসহকারী প্রকৌশলী এবং পাস করা শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে বিবেচিত হবেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দেয় সরকার। ১২ অক্টোবর সেই সময় শেষ হয়ে যায়।