কুষ্টিয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকায় কুষ্টিয়া পৌরসভা এলাকায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আজ সকাল ১০টায় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের বিরুদ্ধে জেলা খেলাফত মজলিশ সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশে ইসলামি আইন বাস্তবায়ন কমিটির সভাপতি ফজলুল হক আমিনীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিকে একই স্থানে ও একই সময়ে কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড সমাবেশের ডাক দেয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক আবদুল মান্নান শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকায় সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন। এদিকে শুক্রবার বিকেলে শহরের মজমপুর রেলগেটে জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি মহসীন আলী, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোমিনুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, যেকোনো মূল্যে আমিনীর সমাবেশ প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী উন্নয়ন নীতি বাস্তবায়ন করা হবে।