কুষ্টিয়া পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ
কুষ্টিয়া সদর পৌরসভা নির্বাচনের ঘোষিত তফসিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার বিকেলে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সম্প্রসারিত এলাকার ভোটাররা কেন পৌরসভার নির্বাচনে ভোট দিতে পারবেন না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।কুষ্টিয়া পৌরসভার সম্প্রসারিত সীমানা জগতির মিনাপাড়া এলাকার ভোটার আবদুল খালেক ও পূর্ব মজমপুর এলাকার ভোটার নজরুল ইসলামের পক্ষে আইনজীবী এম আশরাফ আলী ও হাফিজুর রহমান এ রিট আবেদন করেন।হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া পৌরসভার সম্প্রসারিত সীমানার ভোটারদের বাদ দিয়ে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তাঁরা এর বিরুদ্ধে রিট আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন। সম্প্রসারিত এলাকার ভোটাররা কেন ভোট দিতে পারবেন না, সে বিষয়ে আদালত প্রধান নির্বাচন কমিশনার, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে জবাব দেওয়ার নির্দেশ দেন।কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী নির্বাচনের তফসিল স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।গত রোববার বর্ধিত সীমানার প্রায় ৬৫ হাজার ভোটারের মধ্যে ১৫ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার আদায়ের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে র্যাব ও পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হন। বিক্ষোভকারীরা জেলা প্রশাসনের কয়েকটি কক্ষ ভাঙচুর করেন। এ ঘটনায় রোববার রাতে সাত-আট শ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়।