কুষ্টিয়া পৌরসভায় কর্মবিরতি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার কর্মবিরতি পালন করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পৌরসভার এক কর্মচারীকে থাপড় মারার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন। গতকাল সকালে পৌরসভার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বিকেলে পৌরসভার ম.আ রহিম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তাঁকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হবে বলে জানান তাঁরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে শহরের অবৈধ রিকশা ও ভ্যান নিবন্ধন করানোর জন্য পৌরসভার প্রধান ফটকের সামনে বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী তল্লাশি শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে ওই সড়ক দিয়ে রিকশায় জিল্লুরের স্ত্রী ও ছোট মেয়ে যাচ্ছিল। পৌরসভার লোকজন ওই রিকশা অবৈধ হিসেবে আটক করেন।
পৌরসভার কর্মচারী রাসেল শেখ অভিযোগ করেন, রিকশা আটক করার বিষয়টি জিল্লুরের স্ত্রী মুঠোফোনে তাঁর স্বামীকে জানান। এ সময় পৌরসভার এক কর্মকর্তা জিল্লুরের স্ত্রীকে চিনতে পেরে রিকশা ছেড়ে দেন। এর কিছুক্ষণ পর জিল্লুর ঘটনাস্থলে এসে তাঁকে (রাসেল) থাপ্পড় ও ঘুষি মারেন।
জিল্লুর রহমান দাবি করেন, ‘রিকশা আটক করে হেঁটে যেতে বলায় মেয়ে কান্না শুরু করে। মেয়ের কান্না দেখে রাগের মাথায় একটা থাপড় মেরেছি। এ ছাড়া তেমন কিছু হয়নি।’
এ ঘটনায় পৌরসচিব কামাল উদ্দিন বাদী হয়ে জিল্লুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।