কুষ্টিয়া বিএনপিতে তীব্র কোন্দল, কর্মীরা বিভ্রান্ত
বিএনপির শক্ত ঘাঁটি কুষ্টিয়া। তার পরও গত সংসদ নির্বাচনে চারটি আসনই হারাতে হয়েছে তাদের। হারানো আসন ফিরে পেতে দলের সাবেক সাংসদেরা মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু বাদ সেধেছে কোন্দল আর দ্বন্দ্ব। জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া নিয়ে এই দ্বন্দ্ব আরও বেড়েছে।
তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, এসব বিরোধ জেলার সভাপতি মেহেদী আহম্মেদ (রুমী) ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনের কারণেই সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে সোহরাব উদ্দীন বলেন, নিজ নিজ নির্বাচনী এলাকার নেতারাই তাঁদের এলাকার সমস্যার সমাধান করবেন। জেলার নেতারা হস্তক্ষেপ করবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দলের নেতাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও ৩ (সদর) আসনে নেতাদের মধ্যে চলছে বিরোধ।
কুষ্টিয়া-১ আসনে গত সংসদ নির্বাচনে দলের প্রার্থী ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলতাব হোসেন। তিনি এবারও মনোনয়ন চাইবেন। বর্তমান সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহম্মেদ (বাচ্চু) গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাঁদের বিরোধে গত দুই মাসে বেশ কয়েক জায়গায় পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় সমাবেশ হয়নি।
আলতাব হোসেন বলেন, ‘বাচ্চু মনোনয়ন পেলে আমার সমর্থকেরা তাঁকে ভোট দেবেন না।’ রেজা আহম্মেদ বলেন, ‘দৌলতপুর বিএনপিতে আলতাবের ভোটের প্রয়োজন নেই।’
কুষ্টিয়া-২ আসনে সাবেক সাংসদ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রাগিব রউফ গণসংযোগ করছেন।
শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের সময় এলে অনেক নেতাকে এলাকায় দেখা যায়। আন্দোলন-সংগ্রামে তাঁদের টিকিটাও চোখে পড়ে না।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সাংসদ সোহরাব উদ্দীন একাই চারটি পদে রয়েছেন। মনোনীত নেতা-কর্মীদের নিয়ে সোহবার উদ্দীন গত নির্বাচনের পর থেকেই রাজপথ ও এলাকায় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সাধারণ কর্মীদের সঙ্গে ভালো আচরণ করেন না। এই আসনে জাকির হোসেন নামের এক প্রকৌশলী নেতা গণসংযোগ করছেন।
এ ব্যাপারে সোহরাব উদ্দীন বলেন, ‘হঠাৎ করে টাকা নিয়ে মাঠে নামলেই নেতা হওয়া যায় না।’ এই আসনে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম উল হাসানও মনোনয়ন পাওয়ার আশায় আছেন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহম্মেদ এবারও মনোনয়ন চাইবেন। দুটি উপজেলাতেই মেহেদীর সঙ্গে খোকসার মেয়র আনোয়ার আহমেঞ্চদ খান (তাতারী) ও কুমারখালীর সাবেক মেয়র আনসার প্রামাণিকের তীব্র বিরোধ। তাঁরা দলীয় যেকোনো কর্মসূচি ও অনুষ্ঠান পৃথকভাবে পালন করেন।
আনসার প্রামাণিক বলেন, মেহেদী কুষ্টিয়ায় বসে রাজনীতি করেন। এলাকার নেতাদের সুসংগঠিত করতে তিনি ব্যর্থ। মেহেদী আহম্মেদ বলেন, ‘ওঁরা (তাতারী ও আনসার) বোগাস, আমি মনোনয়ন পেলে সবাই দলের কাজ করবেন। এলাকায় প্রতিদিনই যাই।’