কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে কালভার্ট ভেঙে যান চলাচল বন্ধ
একটি কালভার্ট ভেঙে যাওয়ায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গত শনিবার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকার ওই কালভার্ট অতিরিক্ত ওজনের ট্রাক ওঠায় ভেঙে যায়।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ১০ চাকার একটি ভারী ট্রাক পার হতে গেলে কালভার্টের এক পাশ ভেঙে পড়ে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এর দুই পাশে পানি। তাই বাইপাস করার কোনো উপায় নেই। বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।সরেজমিনে দেখা গেছে, কালভার্টটি ভেঙে যাওয়ায় উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।সওজের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কটি ব্রিটিশ আমলের তৈরি। ধারণা করা হচ্ছে, ভারী যানবাহন চলাচল ও সংস্কারের অভাবে কালভার্টটি ভেঙে গেছে। তিনি আরও বলেন, যেহেতু বাইপাস করার কোনো পরিস্থিতি নেই, তাই সেখানে একটি স্টিলের বেইলি সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটি তৈরি করতে দুই দিন লাগতে পারে।