কুষ্টিয়া শহর রক্ষা বাঁধে ভাঙন
কুষ্টিয়া শহর রক্ষা মঙ্গলবাড়িয়া গ্রোয়েন বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বর্ষার আগে ভাঙনের কারণে গড়াই নদের তীরবর্তী এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।অভিযোগ উঠেছে, নদে অপরিকল্পিতভাবে খনন ও বালু ফেলার কারণে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এমন অভিযোগ কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদেরও। তবে খনন প্রকল্পের কর্মকর্তার অভিযোগ, পাউবোর অনিয়মের কারণে বাঁধ ভাঙছে। পাউবো সূত্রে জানা গেছে, গড়াই নদে বন্যার পানি থেকে কুষ্টিয়া শহরকে রক্ষার জন্য ২০০৪ সালে তিনটি বাঁধ তৈরি করা হয়। এর মধ্যে মঙ্গলবাড়িয়া এলাকায় গ্রোয়েন বাঁধটি শহর রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০০৬ সালের দিকে একবার সংস্কার হলেও পরে আর কোনো সংস্কার হয়নি। গত ৮ এপ্রিল হঠাৎ মঙ্গলবাড়িয়া গ্রোয়েন বাঁধে ভাঙন দেখা দেয়। ওই দিন দুপুরেই বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়। এরপর ১০ এপ্রিল ঢাকা থেকে কয়েকজন কর্মকর্তা এসে এটি পরিদর্শন করেন।গত ৩১ মে বিকেলে সরেজমিনে দেখা যায়, বাঁধের পূর্ব কোণে ব্লক খসে পড়ছে। বেশ কিছু ব্লক একটি অপরটি থেকে ফাঁকা হয়ে গেছে। নদে পানি বাড়লে বা স্রোত হলে এসব ব্লক একেবারে ধসে যেতে পারে। নদের তীরবর্তী বাসিন্দা রেহেনা খাতুন বলেন, ‘ডিজার (ড্রেজার) বালি কাটতি আইসি বাঁধ ভাঙইগি গেল। পানি আইসলে আমরা গরিব মানুষ কুথায় যাব?’ কুষ্টিয়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, পরিকল্পিতভাবে গড়াই খনন না হওয়ায় মঙ্গলবাড়িয়া শহর রক্ষা বাঁধে গভীর গর্ত লক্ষ করা গেছে। এতে প্রায় ৪০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। জুলাই মাসে নদে পানি বাড়লে শহর রক্ষা বাঁধ হুমকির মধ্যে পড়বে। গড়াই খনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ বলেন, তিন বছর আগে জরিপ করার সময় বাঁধের ত্রুটি দেখা গিয়েছিল। ভাঙনের আশপাশে কোনো খননকাজ হয়নি। তিনি অভিযোগ করে বলেন, বাঁধ নির্মাণে ত্রুটি থাকায় ফাটল দেখা হয়েছে। বাঁধ নির্মাণের সময় গ্রোয়েনের জায়গায় নির্দিষ্ট পরিমাণ ডাম্পিং ব্লক না ফেলায় নিচ থেকে এখন ব্লক সরে যাচ্ছে; যে কারণে এখন বাঁধ ভেঙে পড়ছে। ভাঙা অংশ ছাড়াও আরও কয়েক জায়গার ব্লক এমন বিপজ্জনকভাবে আছে।কুষ্টিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, শুষ্ক মৌসুমে ব্লক খসে পড়ার কোনো কারণ নেই। তবে সেখানে খননের কাজ করা হয়েছে। অপরিকল্পিতভাবে খননকাজের কারণে নদের নিচ থেকে ব্লক সরে গিয়ে ভাঙন হচ্ছে। গ্রোয়েন বাঁধের গভীরে ব্লকের পরিমাণ সঠিক ছিল বলে দাবি করেন তিনি।