কুষ্টিয়া শহরে এটিএম বুথে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের থানার মোড়ে ডাচ্-বাংলা ব্যাংকের একটি স্বয়ংক্রিয় গণনাযন্ত্রে (এটিএম) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা পাঁচ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুথের নিরাপত্তাকর্মী আতিয়ার রহমান জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বুথের ভেতর এক গ্রাহক টাকা উত্তোলন করতে প্রবেশ করেন। তিনি টাকা উত্তোলনের জন্য কার্ড প্রবেশ করালে ছোট একটা শব্দ হয়। এর পরপরই আগুন জ্বলে ওঠে ও পোড়া গন্ধ বের হয়। তাৎক্ষণিক ওই গ্রাহককে বাইরে বের করে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে আগুন নেভায়। কুষ্টিয়া দমকল বাহিনীর কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, আগুন লাগার সময় বিদ্যুৎ ছিল না। বুথে থাকা আইপিএসের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।