কুষ্টিয়া শহরে হিজবুত তওহিদের হামলায় আহত ১৩
কুষ্টিয়া শহরের বড়বাজার লোহাপট্টি এলাকায় গত শনিবার সন্ধ্যায় হিজবুত তওহিদের নেতা-কর্মীদের হামলায় ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।আহত ব্যক্তিরা হলেন খলিল, পল্টু, মামুন, মানিক, রানা, ইব্রাহীম, মাসুম শরীফ, জনি, কামাল, হাবিবুর রহমান, সালাম ও শহীদ। সবাই শহরের আমলাপাড়ার বাসিন্দা এবং ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। আহত ব্যক্তিরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন। আহত মাসুম শরীফ কুষ্টিয়া সদর থানায় ৩৪ জনকে আসামি করে শনিবার রাতেই একটি মামলা করেন।আহত ইব্রাহীম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোহাপট্টি এলাকার টিনশেডের একটি বাড়িতে হিজবুত তওহিদের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী সেখানে যান। এ সময় হিজবুত তওহিদের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে তাঁদের ওপর হামলা চালান। এ খবর জানতে পেরে ছাত্রলীগ ও যুবলীগের আরও কয়েকজন কর্মী তাঁদের উদ্ধার করতে গেলে হিজবুত তওহিদের প্রায় ২০-২৫ জন হাতুড়ি ও লোহার রড দিয়ে তাঁদের বেধড়ক পিটিয়ে পালিয়ে যান।সূত্র জানায়, হামলাকারীদের অধিকাংশ কয়েক মাস আগে হিজবুত তওহিদের সদস্য হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি ১০-১৫ জন জামিনে ছাড়া পেয়েছেন। তাঁরাই আবার সংগঠনের কর্মকাণ্ড শুরু করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন সদর উপজেলার হরিপুর বোয়ালদহ গ্রামের শফিকুল ইসলাম, লাহিনী বটতলা এলাকার হাসান, ঘোড়ারহাট এলাকার সিদ্দিক, আমলাপাড়ার রুহুল আমীন, বড়বাজারের হোসেন ও তাঁর স্ত্রী আনেছা।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল রোববার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান হামলার ঘটনায় কারা জড়িত সেটি অনুসন্ধানে বলা যাবে বলে তিনি জানান।হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।