কুষ্টিয়া শহরে ৬৪টি সিসি ক্যামেরা বসাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকাগুলোতে উচ্চক্ষমতার ৬৪টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসিয়েছে পুলিশ। এতে শহরে অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্ত করা সহজ হবে বলে মনে করছে তারা।
গত রোববার রাতে জেলা পুলিশ লাইনসে এক অনুষ্ঠানের মাধ্যমে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান এসব সিসি ক্যামেরা উদ্বোধন করেন। তিনি বলেন, বিভাগের ১০টি জেলা শহর সিসি ক্যামেরার আওতায় নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় এ কাজ সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, শহরে চুরি, ছিনতাই, বখাটেপনা, মাদক বিক্রেতাসেবীদের আনাগোনার পাশাপাশি মিছিল-সমাবেশ নিয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব বিষয়ে নজরদারির সুবিধার্থে সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে। পাশাপাশি পুলিশ শহরের প্রতিটি প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে ক্যামেরা বসাতে মালিকদের উদ্বুদ্ধ করছে। অনেকেই তা করেছেন। এর ফলে এখন পুরো শহর সার্বক্ষণিক নজরদারির আওতায় চলে এসেছে।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ের সামনে, শাপলা চত্বর, বক চত্বর, একতারা চত্বর, বড় বাজার, কাটাইখানা মোড়, হাসপাতাল মোড়, ছয় রাস্তার মোড় এবং কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহিনী থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল পর্যন্ত মোট ২৩টি স্থানে এই ৬৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপারের (গোয়েন্দা শাখা) কক্ষ থেকে সেগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ ও ধারণ করা ভিডিও সংরক্ষণ করা হচ্ছে।