কুষ্টিয়া সীমান্তে আটক যুবককে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সীমান্তে ওয়ালিদ বিন তানজিদ (২৩) নামের এক যুবককে আটকের চার ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার বিকেলে ওই যুবককে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাকুড়িয়া-ঠোটারপাড়া সীমান্ত থেকে আটক করে বিএসএফ।

তানজিদ কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার মনজুর হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের পড়তেন। তবে মানসিক ভারসাম্য হারিয়ে পর পর দুবছর চূড়ান্ত পরীক্ষায় অংশ না নেওয়ায় তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যায়।
৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক নায়েক সুবেদার আবদুর রাজ্জাক বলেন, বিকেল চারটার দিকে তানজিদ সাইকেলে করে প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় যান। সেখানে একটি চায়ের দোকানে সাইকেল রেখে হেঁটে পাকুড়িয়া-ঠোটারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফের টহল সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে বিজিবিকে তাঁরা খবর দেন। বিজিবি তাঁকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়।
জানতে চাইলে ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীন মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক নায়েক সুবেদার আবদুর রাজ্জাক রাত নয়টার দিকে জানান, রাত সাড়ে আটটার দিকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের কাছে তানজিদকে হস্তান্তর করে।