কুষ্টিয়া-হরিপুর সেতুর রক্ষা বাঁধের ৩০ মিটার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধের ৩০ মিটার গত সোমবার রাতে ধসে পড়েছে। ছবিটি গতকাল তুলেছেন তৌহিদী হাসান
কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধের ৩০ মিটার গত সোমবার রাতে ধসে পড়েছে। ছবিটি গতকাল তুলেছেন তৌহিদী হাসান

কুষ্টিয়ায় গড়াই নদের ওপর নির্মিত কুষ্টিয়া-হরিপুর সেতুর উত্তর পাড়ে হরিপুর অংশে সেতু রক্ষা বাঁধের এক স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত সোমবার রাতে বাঁধের প্রায় ৩০ মিটার নদীগর্ভে চলে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে সেতুটি।

কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে মীর আকতার হোসাইন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণ ও রক্ষা বাঁধের কাজ করছে। তাদের দাবি, এ ভাঙনের ফলে সেতুতে কোনো প্রভাব পড়বে না। ভাঙন প্রতিরোধে সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে।

কুষ্টিয়া এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে ৫০৪ মিটার কুষ্টিয়া-হরিপুর সেতু নির্মাণ করা হচ্ছে। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর এর কাজ শুরু হয়। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজ চলছে। একই সঙ্গে সেতু রক্ষায় নদের উভয় পাড়ে আট কোটি টাকা ব্যয়ে সেতু রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে হরিপুর অংশে প্রায় সাড়ে ৩০০ মিটার ও কুষ্টিয়া অংশে ৫০ মিটার সেতু রক্ষা বাঁধ তৈরি করা হচ্ছে। বাঁধ নির্মাণের জন্য পাড়ে বালু দিয়ে ঢালু করে তার ওপর জিও ব্যাগ ফেলা হচ্ছে। তারপর ব্লক দিয়ে সমান করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, বাঁধটির প্রায় ৩০ মিটার নদীগর্ভে চলে গেছে। বালু ধসে জিও ব্যাগ ছিঁড়ে গেছে। ব্লকগুলো পানিতে তলিয়ে গেছে।

ভাঙন কবলিত নদ পাড়ের বাসিন্দা মুসলিমা খাতুন বলেন, তিনি সোমবার রাতে হঠাৎ করে ভাঙনের শব্দ শুনতে পান। বাইরে বের হয়ে দেখেন পাড় থেকে ব্লক খসে নদের ভেতরে চলে যাচ্ছে। ২০ মিনিটের মধ্যে সব ধসে চলে যায়। এ সময় নদের পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

নদের পাড়ের কয়েকজন ব্যক্তি বলেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আরও ভাঙবে। এতে সেতুও হুমকির মুখে পড়তে পারে। নদের পানি কমে যাওয়ার সঙ্গে বাঁধের ভাঙন আরও তীব্র হতে পারে।

দুপুরে ভাঙন স্থানে নৌকায় করে বালুভর্তি বস্তা নিয়ে এসে কয়েকজনকে ফেলতে দেখা যায়। তবে কয়েক মিনিটের মধ্যেই তা নদের গভীরে চলে যাচ্ছে।

নৌকার মাঝি আকছেদ আলী বলেন, দুপুর পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ বস্তা বালু ফেলা হয়েছে। প্রতি বস্তায় ২০ কেজি করে বালু রয়েছে।

ভাঙন এলাকা সোমবার রাতে ও মঙ্গলবার সকালে কুষ্টিয়া এলজিইডির কর্মকর্তারা পরিদর্শন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নদের পানির তীব্র স্রোতে এমনটি হয়েছে। সেতু থেকে প্রায় ১৭৫ মিটার দূরে ভাঙন সৃষ্টি হয়েছে। ভাঙনে সেতুর ওপর প্রভাব পড়বে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আকতার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, বালুভর্তি বস্তা ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাঁধ নির্মাণ চলমান প্রক্রিয়া। পানি কমে গেলে আবার ব্লক ফেলে মেরামত করা হবে।