
শীত নামছে। এ কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে বেশি বেশি আক্রান্ত হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশু রোগীর ভিড়। ওয়ার্ডে শয্যার সংখ্যা মাত্র ২০। সেখানে গত ১৭ নভেম্বর বিকেল পর্যন্ত ভর্তি ছিল ১০০ শিশু। এ ছাড়া ডায়রিয়া ওয়ার্ডে ১০ শয্যার বিপরীতে ৫০টি শিশু রোগী ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বহির্বিভাগে প্রতিদিন শতাধিক শিশু সেবা নিতে আসছে। ভর্তি হওয়া এবং বহির্বিভাগের সেবা নেওয়া শিশুদের ৭৫ শতাংশই ঠান্ডাজনিত নিউমোনিয়া ও ব্রংকিওলাইটিস রোগে আক্রান্ত।
১৭ নভেম্বর দুপুরে হাসপাতালের নিচতলায় শিশু ওয়ার্ডে দেখা গেছে, প্রতিটি কক্ষের শয্যায়, মেঝেতে এমনকি বেলকনিতে শিশু রোগী রয়েছে। তাদের সঙ্গে স্বজনেরাও আছেন।
জেলার খোকসা উপজেলার কমলাপুর থেকে সুরাইয়া খাতুন নামের দুই মাসের শিশুকে নিয়ে এসেছেন ফুলমতি। তিনি প্রথম আলোকে বলেন, আগের দিন ঠান্ডা লাগলে সুরাইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এই হাসপাতালে।
১৫ মাসের সিফাতকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। তার মা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গৃহবধূ সাজেদা খাতুন বলেন, সিফাত আগের তুলনায় একটু সুস্থ।
দুপুর ১২টার দিকে এই ওয়ার্ডে আনা হয় মোস্তাকিম নামের এক শিশুকে। সে খোকসা উপজেলার গোপ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। শহিদুল বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ তাঁর ছেলের শ্বাসকষ্ট দেখা দেয়। স্থানীয় হাসপাতালে নিলে শুক্রবার সকালে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিশু ওয়ার্ডের দুজন নার্স বলেন, এই হাসপাতালে শিশু চিকিৎসা কর্মকর্তা নেই। এ জন্য একটু সমস্যা হচ্ছে। তবে চিকিৎসকেরা সেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন। হাসপাতাল থেকে যতটুকু সম্ভব ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু শিশু রোগীদের স্বজনেরা অল্পতেই হতাশ হয়ে পড়েন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার শুক্রবার বলেন, গত চার দিনে শতাধিক শিশু শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালের বহির্বিভাগে এসেছে। তাদের ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে যাদের অবস্থা একটু খারাপ, তাদের ভর্তি করা হয়েছে। প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (শিশু) আইয়ুব আলী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিবছর এই সময়ে এই রোগে শিশুরা বেশি আক্রান্ত হয়। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় বিশেষ করে মা-বাবাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে। কোনোভাবেই শিশুদের ঠান্ডার মধ্যে বাইরে নেওয়া বা রাখা যাবে না। সব সময় গরম কাপড় মুড়িয়ে রাখতে হবে। শিশুদের রোগ হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে।