কুষ্টিয়া হাসপাতালে সিসিইউ ও আইসিইউ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ও নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সেবা চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এর উদ্বোধন করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আবদুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৬ শয্যাবিশিষ্ট করোনারি কেয়ার ইউনিট স্থাপন করা হয়েছে। এখানে ১২টি শয্যায় হৃদ্রোগে আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যায় রাখা হবে। এ ছাড়া চারটি শয্যায় অধিক সংকটাপন্ন রোগীদের সেবা দেওয়া হবে। এ জন্য জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান আবু তাহের মো. মঞ্জুর হোসেনের নেতৃত্বে কয়েকজন চিকিৎসক ও সেবিকাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
একই সঙ্গে হাসপাতালে ১২ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। সেখানে কম ওজনের নবজাতকদের নিবিড় পরিচর্চায় রাখা হবে।