পৌরসভার মূল ফটকের সামনে লোহার দরজায় একটি কালো ব্যানার টানানো। তাতে লেখা আছে, ‘অনিবার্য কারণবশত এবারের পয়লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে কোনো প্রকারের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি—আনোয়ার আলী, মেয়র, কুষ্টিয়া পৌরসভা।’
প্রতিবছর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এ পৌরসভার বটতলা মঞ্চে শুরু হয় বাংলা বর্ষবরণের গানের অনুষ্ঠান। চলে পান্তা ইলিশ খাওয়ার ধুম। পৌরসভার বাসিন্দারা জড়ো হন পরিবারের সদস্যদের নিয়ে। পৌর চত্বরে স্টলগুলোতে মুড়ি–মুড়কিসহ দেশজ খাবারের পসরা সাজানো থাকে। ঐতিহ্যবাহী শোভাযাত্রার পাশাপাশি বসে ছোটদের নাচ–গানের আসর, গ্রামীণ বাংলার লাঠিখেলা, সাপের নাচন—সবই।
কিন্তু এ বছর এসবের কিছুই পাচ্ছে না কুষ্টিয়া পৌরসভাবাসী। এ নিয়ে পৌরসভার সচেতন কয়েকজন বাসিন্দা হতাশা প্রকাশ করেছেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান (মজু) প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানের ব্যাপারে মেয়রের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি কষ্ট নিয়ে জানিয়েছেন তাঁর মনের কথা। পৌরসভার ভেতরে একটা চাপা রেষারেষি কাজ করছে। এ জন্যই হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে না। তিনি আরও বলেন, ‘প্রতিবছর পৌরসভা আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে একটা প্রাণের উচ্ছ্বাস থাকে, যা জেলার অন্য কোনো বর্ষবরণ অনুষ্ঠানে থাকে না। জানি না কাল (শুক্রবার) সকাল থেকে সারাটা দিন কীভাবে কাটবে; কোথায় প্রাণের বর্ষবরণের উচ্ছ্বাস পাব।’
স্থানীয় সাংস্কৃতিক কর্মীসহ পৌরবাসী বলছেন, পৌরসভায় বর্ষবরণ অনুষ্ঠান না হওয়া মানে কুষ্টিয়াবাসীর আনন্দ শেষ হয়ে যাওয়া। পৌরবাসী ওই অনুষ্ঠান ঘিরেই পয়লা বৈশাখে সারা দিন আনন্দে মেতে থাকে। এবার তো গেলই, ভবিষ্যতেও কী হবে, তা নিয়ে উৎকণ্ঠা আছে।
পৌরসভার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার কাউন্সিলররা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। ঘটনাটি নিয়ে মেয়রের সঙ্গে বেশির ভাগ কাউন্সিলরের বিরোধ দেখা দিয়েছে। সে কারণেই মেয়র কোনো অনুষ্ঠান করছেন না।
জানতে চাইলে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সব কথা তো বলা যায় না। তবে ইচ্ছার বিরুদ্ধেই এবার অনুষ্ঠান না করতে বাধ্য হলাম।’