কুষ্টিয়ার আলোচিত ববি হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার আলোচিত সাহাজাদি ফারজানা ওরফে ববি হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আজ সোমবার এ রায় দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মজিবর রহমান লিখন (৩২)। তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
ফাঁসির দণ্ড ছাড়াও লিখনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত লিখনের স্ত্রী সারমীন আক্তার বৈশাখী, হেলাল উদ্দীন হেলাল, রহুল আমিন ও আতাই নামের অপর চারজনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, লিখন দীর্ঘদিন ধরে ববিকে উত্ত্যক্ত করে আসছিলেন। থানায় অভিযোগ করলে পুলিশ লিখনকে থানায় নিয়ে যায়। পরে লিখন মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। শহরের কাটায়খানা মোড় এলাকার নিজ বাড়ির নিচতলায় ববির ‘গ্ল্যামার ওয়ার্ল্ড’ নামে একটি বিউটি পারলার ছিল। ২০১৩ সালের ২৭ মার্চ সন্ধ্যা পৌনে সাতটার দিকে লিখন তাঁর স্ত্রী সারমীন আক্তার বৈশাখীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে নিয়ে পারলারে যান। সেখানে গিয়ে লিখন পূর্বপরিকল্পিতভাবে পিস্তল দিয়ে ববিকে গুলি করেন।
এ ঘটনায় ববির স্বামী মোল্লা আবু সামস বাদী হয়ে লিখন ও তাঁর স্ত্রী বৈশাখীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ২৭ মার্চ রাতেই কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে আরও ৩ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুর ১২টায় রায় দেন আদালত।