কুষ্টিয়ার গঞ্জেরাজ বাসের মালিকসহ চালকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় জামিনের পর গঞ্জেরাজ বাসের মালিককে আদালত থেকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি তুলতে গেলে বাধা দেন পুলিশ সদস্য। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ায় জামিনের পর গঞ্জেরাজ বাসের মালিককে আদালত থেকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি তুলতে গেলে বাধা দেন পুলিশ সদস্য। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় মা রিনা খাতুনসহ শিশু আকিফাকে ধাক্কা দেওয়া ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক ও চালককে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর পৌনে ১২টায় কুষ্টিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত তাঁদের জামিন দেন।

জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাসের মালিক জয়নাল আবেদীন ও চালক মহিদ মিয়া ওরফে খোকন।

জামিনের ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী প্রথম আলোকে বলেন, ফরিদপুর র‌্যাব গতকাল রোববার জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে তাঁদের কাছে সোপর্দ করে। আজ সকালে জয়নালকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে বাসের চালক মহিদ মিয়া আদালতে আত্মসমর্পণ করেন। দুজনের আইনজীবী আদালতের কাছে তাঁদের জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

ফয়সাল গঞ্জেরাজ নামের বাসটি গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায়কুষ্টিয়া চৌড়হাস মোড় এলাকায় ওই শিশুসহ তার মাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আকিফা গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলায় বাসের মালিক, চালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হলেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী।

এর আগে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় বাসটি জব্দ করে পুলিশ। সে সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশের একজন চালককে দিয়ে বাসটি কুষ্টিয়া পুলিশ লাইন মাঠে রাখা হয়। জব্দ করা বাসের নাম ও নম্বর মুছে ডিপোর ভেতরে রাখা হয়েছিল।