কুষ্টিয়ার ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় কৃষককে সন্ত্রাসী আখ্যা দিয়ে ক্রসফায়ারে দেওয়ার অভিযোগের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সব ক্ষেত্রেই সরকারের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। এ থেকে আইনশৃঙ্খলা বাহিনীও বাদ পড়বে না।

আজ সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

২০০৭ সালে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে সন্ত্রাসী বলে ক্রসফায়ারে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ওই ঘটনায় হওয়া মামলায় গত সপ্তাহে ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ের ঘটনা। এখন যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, আমরা সে ব্যবস্থা গ্রহণ করব।’ তিনি আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বলেই দেশ থেকে দ্রুত জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু দেশের সার্বিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। উন্নয়নের ধারা কেউ যাতে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আমরা তৎপর আছি। দেশের মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয়, আমরা তা–ই করছি। নিরাপত্তা বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে দেশে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বাংলাদেশ আওয়ামী লীগ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ, রেঞ্জ ডিআইজি মো. মনির-উজ-জামান প্রমুখ।