কুষ্টিয়ার চারটি সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলার চারটি সড়কের পাথর উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। ফলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ যাত্রী। জেলা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন, বর্ষা মৌসুমের ২১ দিনের বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সড়ক ও জনপথের আওতায় জাতীয় মহাসড়ক ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশীর ৪৯ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক কুষ্টিয়া- আলমডাঙ্গার সাড়ে ১৭ কিলোমিটার, জেলা সড়ক ভেড়ামারা- দৌলতপুরের ২১ কিলোমিটার ও কুষ্টিয়া-মেহেরপুরের ২৩ কিলোমিটার রাস্তাকে বেশি ক্ষতিগ্রস্ত সড়ক হিসেবে বিবেচনা করা হয়েছে। তিন বছর আগে এসব সড়কের সংস্কারকাজ হয়েছিল। গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া শহরের মজমপুর গেট ও জিলা স্কুলের সামনে যেন মরণফাঁদ। এ ছাড়া উপজেলা রোড, সড়ক ও জনপথ বিভাগ অফিস, ডিসি কোর্ট, সার্কিট হাউস, পুলিশ লাইনের সামনে, ত্রিমোহনী, সাতমাইল, বহলবাড়ীয়ার সামনে, দৌলতপুরের তারাগুনিয়া ও আলমডাঙ্গা সড়কের খাজানগরের রাস্তার পাথর উঠে গিয়ে চারপাশে ছিটিয়ে পড়েছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সুরুজ উজ্জামান বলেন, তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামে। কয়েক মাস আগেও তিনি কুষ্টিয়ায় এক ঘণ্টায় পৌঁছে যেতেন। কিন্তু গত সপ্তাহে তাঁর কুষ্টিয়ায় পৌঁছাতে সময় লাগে দুই ঘণ্টারও বেশি। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। রাতে চলাচল করতে খুবই হিমশিম পোহাতে হয়। পাঁচ মিনিটের জায়গায় ২৫ মিনিট লেগে যায়। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান সড়কের বেহাল দশার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, সড়ক সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে চার মাস ধরে ছয়টি চিঠি পাঠানো হয়েছে। কেন যে কার্যাদেশ পাওয়া যাচ্ছে না, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।