কুষ্টিয়ার দুই সড়কে খানাখন্দ ফের বাস ধর্মঘট, জনদুর্ভোগ
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ২২ কিলোমিটার আর ভেড়ামারা-প্রাগপুর সড়কের ২৪ কিলোমিটার রাস্তায় গর্ত আর খানাখন্দে ভরে গেছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার থেকে এই দুই পথে ফের ধর্মঘট পালন করছেন বাসমালিকেরা। দ্বিতীয় দিনের মতো গতকাল বুধবার বাস ধর্মঘট অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছে জেলার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার যাত্রীরা। অনেকে ঝুঁকি নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন-করিমনে চড়ে চলাচল করছে।গত ২৩ জুলাই মহাসড়কের গোবিন্দপুর এলাকায় একটি বাস উল্টে সাতজন যাত্রী নিহত হন। আহত হয় আরও ৩০ জন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, রাস্তার বেহাল দশার কারণেই এ দুর্ঘটনা ঘটে। এ বছরের আগস্ট মাস পর্যন্ত এসব সড়কে ৩৬ জন মারা গেছে।সড়কের এ অবস্থার কারণে জেলা বাস-মিনিবাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন গত ২২ আগস্ট থেকে সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। পরে জেলা প্রশাসন, সওজ ও বাসমালিক নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের একদিন পর বাস চলাচল স্বাভাবিক হয়। রাস্তার অবস্থার কোনো অগ্রগতি না দেখে আবার বাস ধর্মঘটের ডাক দেন বাসমালিক নেতারা। গত সোমবার রাতে ডাকা এ ধর্মঘট গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। সওজ বিভাগ জানায়, বৃষ্টিতে রাস্তার এমন অবস্থা হয়েছে। বিশেষ করে কুষ্টিয়া-ঈশ্বরদী ২২ কিলোমিটার মহাসড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম বলেন, ‘আমরা বাস বন্ধ করতে চাই না, কিন্তু সড়কের যে অবস্থা, তাতে নিরুপায় হয়ে বাস বন্ধ করতে বাধ্য হয়েছি। সারা দিন যা আয় হয় রাতে ওই টাকা দিয়ে বাস মেরামতেই শেষ হয়ে যায়। রাস্তার কারণে এমনটি হচ্ছে।’কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ হাসিবুর রহমান বলেন, ‘ইট-বালু দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। কিন্তু তা পরের দিন হারিয়ে যাচ্ছে। এভাবে হয় না। বর্ষা শেষ হলে সড়কের স্থায়ী সংস্কার করা হবে।’ তবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সওজের সঙ্গে বাসমালিক পক্ষ কোনো ধরনের যোগাযোগ করেনি।’