কুষ্টিয়ার নির্যাতিত মা-মেয়ের বক্তব্য শুনলেন হাইকোর্ট
কুষ্টিয়ায় পুলিশের নির্যাতনের শিকার সেই মা ও মেয়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়েছেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খাসকামরায় তাঁদের বক্তব্য শোনেন।এ সময় আদালতে আইনজীবী ফাহিমা নাসরিন ও পুলিশের পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, খাসকামরায় আদালত উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে মা ও মেয়ের বক্তব্য শোনেন। পরে আদালত আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন।গত ২৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ১ অক্টোবর এটি আদালতের নজরে আনেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফাহিমা নাসরিন। শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। পরে আদালত মা-মেয়েকে ২৯ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেন।