কুষ্টিয়ার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সব সড়কপথে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে কুষ্টিয়ার তিনটি সংগঠনের সমন্বয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করে। কাল বুধবার থেকে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

আজ সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীকের কার্যালয়ে পরিবহন সংশ্লিষ্ট নেতারা এক বৈঠকে বসেন। রাত সোয়া আটটায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে নেতারা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু প্রথম আলোকে বলেন, মালিক শ্রমিক ঐক্য পরিষদ যেসব দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল, প্রশাসনসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা এসব দাবি পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। তাই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

২৪ নভেম্বরের মধ্যে মহাসড়কে রুট পারমিট বহির্ভূত যান চলাচল বন্ধ না হলে ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করবে বলে ঘোষণা দিয়েছিল কুষ্টিয়ার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।