কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামানকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সদর উপজেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হুসাইনকে গত সোমবার পুলিশ গ্রেপ্তার করতে গেলে আলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাধা দেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে থানার মোড়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা দল থেকে আখতারুজ্জামানের অপসারণের দাবিতে নানা স্লোগান দেন।সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিন মণ্ডল বলেন, এ ধরনের ব্যক্তিকে অপসারণ করা না হলে দলে বিভেদ সৃষ্টি হবে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ম স আকতারুজ্জামান বলেন, ‘আমি ঢাকায় আছি। এ ব্যাপারে কিছু জানি না।’