কুষ্টিয়ার সেই গৃহবধূ লাইলি মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে অগ্নিদগ্ধের শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাতে থাকা গৃহবধূ লাইলি খাতুন (২১) গত রোববার রাতে মারা গেছেন।
লাইলি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকুল উদ্দিন বলেন, রোববার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ গতকাল সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কুমারখালী থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে লাইলির পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়েছে। বিকেলে তাঁর বাবার বাড়ির এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে তাঁকে।
লাইলির স্বামী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের ভ্যানচালক অমিত হোসেন। অগ্নিদগ্ধ লাইলি খাতুন প্রথম আলোকে বলেছিলেন, যৌতুকের জন্য গত ২১ জানুয়ারি গভীর রাতে তাঁর শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন স্বামী অমিত হোসেন।
গত বুধবার লাইলির বাবা কুমারখালী উপজেলার দুর্গাপুর গ্রামের রবিউল ইসলাম জামাতা অমিত হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন লাইলির শ্বশুর সোবাহান শেখ, শাশুড়ি নুরজাহান খাতুন ও ভাশুর সজল। পুলিশ এ ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘আসামিদের ধরতে অভিযান চলছে।’
গত রোববার প্রথম আলোতে ‘হাসপাতালে কাতরাচ্ছেন দুই গৃহবধূ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এঁদের একজন ছিলেন কুষ্টিয়ার লাইলি খাতুন।