কুষ্টিয়ার সেই গ্রামের নারী ও শিশুদের বাড়ি ছাড়ার নির্দেশ
কুষ্টিয়া সদর উপজেলার খর্দ বাখৈল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের নারী ও শিশুদের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যানের লোকজন। গতকাল শনিবার সকালে এ নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে বাড়ির মালামাল গাড়িতে করে অন্যত্র সরানোর সময় স্থানীয় ক্যাম্প পুলিশ গাড়িপ্রতি এক হাজার টাকা করে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, গতকাল ভোরে ঝাউদিয়া ইউপি চেয়ারম্যান বখতিয়ার হুসাইন-সমর্থিত রওশন, জাহাঙ্গীরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের প্রত্যেক বাড়িতে গিয়ে সন্ধ্যা ছয়টার মধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তাঁরা বাড়ির নারী ও শিশুসহ সবাইকে মালামাল নিয়ে চলে যেতে বলেন। তা না-হলে রাতে হামলা চালিয়ে নির্যাতন এবং মেরে ফেলা হবে বলে হুমকি দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রথম আলোকে বলেন, ‘ভোরে হুমকি দি গিছে, আজকির মধ্যেই চলি যাতি হবি, তা না হলি পারে রাইতে মারতি আসবি।’ একই এলাকার ওয়াদেহ মণ্ডল, আশরাফুল মণ্ডল, মঈনুদ্দীন মুন্সি ও ইদ্রিস মুন্সি বলেন, মালামাল নছিমনে করে সরাতে স্থানীয় ক্যাম্পের পুলিশকে গাড়িপ্রতি এক হাজার টাকা করে দিতে হচ্ছে। তবে নারী-শিশুদের বাড়ি ছাড়তে চেয়ারম্যান-সমর্থকদের নির্দেশ ও হামলার হুমকির অভিযোগ অস্বীকার করে বখতিয়ার হুসাইন বলেন, ‘তারা নিজেরাই চলে যাচ্ছে।’ জানতে চাইলে গতকাল বিকেল চারটার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ বলেন, এখনই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে পাঠানো হচ্ছে। ঘটনার সত্য-মিথ্যা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যক্তিমালিকানাধীন ফসলি জমির ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই সপ্তাহ ধরে স্থানীয় ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বখতিয়ার হুসাইনের পক্ষ রবিউল মুন্সির সমর্থকদের ওপর হামলা, মামলা এবং তাঁদের জমির ফসল লুট করে। তাদের হামলার ভয়ে ওই গ্রামের প্রায় ২০০ পরিবারের পুরুষেরা ইতিমধ্যে বাড়িঘর ছেড়েছে।