কুষ্টিয়ার সেই শিক্ষকের ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলাল উদ্দীন
হেলাল উদ্দীন

কুষ্টিয়ার স্কুলশিক্ষক হেলাল উদ্দীন ওরফে পান্না মাস্টারকে দুটি অপরাধে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মাহমুদা বেগম গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরতলির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (এখন বরখাস্ত) হেলাল উদ্দীন প্রাইভেট পড়ানোর সময় তাঁর বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে কৌশলে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। সেসব দৃশ্য ভিডিওতে ধারণ করে রাখেন। এরপর ভয় দেখিয়ে দিনের পর দিন ছাত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন হেলাল উদ্দীন। পরে এসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পুলিশ হেলাল উদ্দীনের ল্যাপটপ জব্দ করে। পরে মডেল থানার তৎকালীন উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৭ ও ৮-এর পৃথক দুটি ধারায় চারজনের নামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
নাম থাকা বাকি চার আসামি হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী আলীমুজ্জামান টুটুল, মেহেরপুরের গাংনী উপজেলার তৎকালীন সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ওরফে সজল (মারা গেছেন), মনিরুল ইসলাম ও আওলাদ হোসেন। আদালত প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, মনিরুল ইসলাম ও আওলাদ হোসেনকে বেকসুর খালাস দেন।
কুষ্টিয়ার আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, অনৈতিক সম্পর্ক করে ভিডিও ধারণ ও সংরক্ষণ এবং তা বাজারে ছেড়ে দেওয়ার অপরাধে আদালত হেলাল উদ্দীনকে সাজা দিয়েছেন। একটি অপরাধে পাঁচ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অন্য একটি অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়। তাঁকে একটি সাজা ভোগের পর আরেকটি সাজা ভোগ করতে হবে।
অনুপ কুমার নন্দী বলেন, ইতিমধ্যে আসামির কারাগারে অবস্থানের সময় সাজাভোগের মেয়াদ থেকে বাদ যাবে কি না, তা পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।