কুষ্টিয়ার সেই সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু
কুষ্টিয়া সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম হরিনারায়ণপুরের আমান মাস্টারের বাড়ি থেকে বেড়বাড়াদি জিকে ক্যানালমুখী ৮২৫ ফুট সড়কের সংস্কারকাজ আবার শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে নকশা ও সঠিক মাপ অনুযায়ী পুনরায় এ কাজ শুরু করা হয়।
এর আগে গত মঙ্গলবার ওই এলাকার ফারুক খান নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুষ্টিয়া জেলা প্রশাসনের পাতায় সড়কের কাজ নিয়ম অনুযায়ী করা হয়নি বলে অভিযোগ করেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে অনুরোধ জানান। বার্তা পেয়ে বুধবার সকালে জেলা প্রশাসক সরেজমিনে প্রকল্পটি পরিদর্শন করে কাজের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং প্রকৃত নকশা অনুযায়ী কাজটি সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্রুত নির্দেশ দেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু শোয়েব খান বলেন, জেলা প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশে পুনরায় সড়কের কাজ শুরু করা হয়েছে। কাজের সংশ্লিষ্ট সভাপতি নিজ খরচে সড়ক খুঁড়ে নিচে নির্দিষ্ট পরিমাণ বালু দিয়ে তারপর ইটের খোয়া মিশিয়ে রোলার দিয়ে চেপে দেবেন। কাজ শেষ হতে আরও তিন দিন লাগবে।