কুষ্টিয়ার ২১টি বালুমহাল অবৈধ দখলমুক্ত
কুষ্টিয়ার ২১টি বালুমহাল গত মঙ্গলবার বিকেলে দখলমুক্ত করা হয়েছে। জেলা প্রশাসন পুলিশ ও র্যা বের সহায়তায় অভিযান চালিয়ে এসব বালুমহাল অবৈধ দখল মুক্ত করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চ আদালতে রিট আবেদন করে ইজারা না নিয়েই এক শ্রেণির বালু ব্যবসায়ী প্রায় ছয় বছর ধরে বালুমহালগুলো থেকে বালু তুলে আসছিলেন। বালু ব্যবসায়ীদের করা রিট সম্প্রতি খারিজ হয়ে যায়।
সর্বশেষ ২০০৮ সালে জেলা প্রশাসন এসব বালুমহাল ইজারা দেয়। এসব বালুমহাল ইজারা দিয়ে প্রতিবছর দুই কোটি টাকার রাজস্ব আয় হতো। সে এ হিসাবে গত ছয় বছরে সরকার ১২ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
বালুমহালগুলো হলো, সদর উপজেলার বাহাদুরখালী, মহানগর, চকুয়াদাম, শুকদেবপুর, জুগিয়া; ভেড়ামারার পশ্চিম চরদাদাপুর, চরগোলাগনগর-আরাজীসাড়া ও রূপপুর; মিরপুরের ঘোড়ামারা-রানাখড়িয়া, চরমাদিয়া, পশ্চিম দাদাপুর, মিনাপাড়া, চরতালিবাড়িয়া; কুমারখালীর লাহিনীপাড়া, জয়নাবাদ-ছেঁউড়িয়া, সেরকান্দি-আগ্রাকুণ্ডা- তেবাড়িয়া-বরুরিয়া, পাথরবাড়িয়া-উত্তর হিজলাকর-এনায়েতপুর, গোবিন্দপুর, ভাড়ারা-এলঙ্গী এবং খোকসা উপজেলার চাঁদট-ভবানীপুর-গণেশপুর-কোমরভোগ ও ওসমানপুর।
কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অনুমতি নিয়ে এলাকার কয়েকজন প্রভাবশালী এসব বালুমহাল থেকে বালু উত্তোলন শুরু করে। ২০০৯ সালে দরপত্র আহ্বান করার উদ্যোগ নেওয়া হলে ওই ব্যক্তিদের মধ্যে ভেড়ামারা উপজেলার মুক্তার হোসেন ও কুষ্টিয়া পৌর এলাকার আনোয়ারুল হক উচ্চ আদালতে রিট আবেদন করেন।
বালুমহালগুলো উদ্ধারে জেলা প্রশাসক ২০১৩ সালের ১৩ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান। এর কয়েক সপ্তাহ আগে উচ্চ আদালত ওই দুই ব্যক্তির রিট খারিজ করে দিয়ে উপজেলা প্রশাসনকে বালুমহালগুলো বুঝে নেওয়ার আদেশ দেন। এরপরও তাঁরা (দখলদারেরা) আদেশের বিরুদ্ধে আপিল করেন। এ কারণে জেলা প্রশাসন আর এগুলো ইজারা দিতে পারেনি।
২০১৪ সালে জেলা প্রশাসক সম্মেলনের পর মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সম্প্রতি মামলা নিষ্পত্তি করে আবেদনকারীর আবেদন খারিজ করে দেন। গত মঙ্গলবার জেলা প্রশাসক আপিল বিভাগের রায়ের অনুলিপি পান। এ পরিপ্রেক্ষিতে বালুমহাল উদ্ধার অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তাফা কামাল। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) র্যা ব ও পুলিশের একাধিক দল ছিল। পরে এসব বালুমহালে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসক গতকাল বুধবার বিকেলে বলেন, বিধি মোতাবেক শিগগিরই বালুমহালগুলো নতুনভাবে ইজারা দেওয়া হবে।