কুষ্টিয়ায় অতিরিক্ত জেলা প্রশাসককে গালাগাল করলেন পৌর মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমানকে গতকাল সোমবার মুঠোফোনে ও তাঁর কার্যালয়ে গিয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলী অকথ্য ভাষায় গালাগাল করেছেন বলে অভিযোগ উঠেছে।জানা গেছে, বড়পিট খালটি ড্রেন হিসেবে ব্যবহার করতে পৌরসভা জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব দেয়। কিন্তু সেটি এখনো অনুমোদন না হওয়ায় পৌর মেয়র গতকাল এ ঘটনা ঘটান।প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার একটি ট্রাক, একটি পিকআপ ও মেয়র তাঁর নিজের গাড়ি করে পৌরসভা ও ছাত্রলীগের প্রায় ৫০-৬০ জন লোক নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমানের কক্ষে যান। পরে তিনি ফজলুর রহমানকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আজিম আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা ও কুষ্টিয়া আদালতের আইনজীবী অনুপ কুমার নন্দী উপস্থিত ছিলেন। খবর পেয়ে জেলা প্রশাসক বনমালী ভৌমিক ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে যান। পরে প্রায় এক ঘণ্টা সেখানে জেলা প্রশাসনের সব কর্মকর্তা বৈঠক করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৪-৯৫ সালের দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে বড়পিট খালটি ড্রেন হিসেবে ব্যবহারের জন্য পৌরসভা জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব দেয়। কিন্তু সে সময় জেলা প্রশাসন থেকে প্রস্তাবটি অনুমোদন হয়নি। ২০০৯ সালের দিকে আবার আবেদন করা হয়। সময়মতো টাকা না দেওয়ায় সেটিও বাতিল হয়ে যায়। সর্বশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর আবেদন করা হয়। কিন্তু এত দিনেও বিষয়টি অনুমোদন না হওয়ায় পৌর মেয়র অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমানকে গালাগাল করেন। ফজলুর রহমান অভিযোগ করে বলেন, ‘ফাইল স্বাক্ষর করা নিয়ে পৌরসভার মেয়র আনোয়ার আলী মুঠোফোনে আমাকে অশ্লীল ভাষায় তুই সম্বোধন করে (শুয়োরের বাচ্চা) গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তিনি জেলা প্রশাসন কার্যালয়ে আসেন। সেখানেও অকথ্য ভাষায় গালাগাল করেন। আমার বয়স হয়েছে, আমার রূপ আপনি দেখেননি বলে মেয়র হুমকি দেন। এ সময় তাঁর সঙ্গে আসা লোকজন চেয়ার-টেবিলে থাপড়াতে থাকেন। ২০ মিনিট পর তাঁরা চলে যান। মেয়র সাহেব একজন জনপ্রতিনিধি হয়ে যে কাজ করলেন সেটি আমি চাকরির জীবনে কোথাও দেখিনি।’ জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মেয়র সাহেব যা করেছেন তা খুবই দুঃখজনক। একজন জনপ্রতিনিধি ও প্রবীণ নেতা হিসেবে এ কাজটি করা ঠিক হয়নি।’ জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রথম আলোকে বলেন, ঘটনা সম্পর্কে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। এ ব্যাপারে সবার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে পৌরসভার মেয়র আনোয়ার আলী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো লোকজন নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমানের কার্যালয়ে যাইনি। একাই সেখানে গিয়েছিলাম। তাঁকে আমি গালাগালও করিনি। আমাদের দুজনের মধ্যে শুধু কথা-কাটাকাটি হয়েছে।’