কুষ্টিয়ায় অনুমোদনহীন ওষুধ কারখানা, মালিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেটে অনুমোদনহীন হার্বস ফার্মা নামের একটি ওষুধ তৈরির কারখানা সিলগালা ও মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে র‌্যাব এ অভিযান চালায়।র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজুল হক প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেটের বি-ব্লকের ২৮০/৮১ ভাড়াবাড়িতে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। কারখানার মালিক আবদুল্লাহ জিয়াকে কারখানা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুমোদনের কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মাসুম আলী বেগ তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান।মাসুম আলী বেগ প্রথম আলোকে জানান, ভোক্তা-অধিকার আইনে অবৈধভাবে পণ্য উৎপাদনের দায়ে কারখানার মালিক আবদুল্লাহ জিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। গতকালই তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত কুষ্টিয়া ড্রাগ সুপার নুরুল আলম জানান, কারখানাটির কোনো বৈধ অনুমোদন নেই। এখানে উৎপাদন করা ওষুধ ও পানীয় মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর।আদালতে রায়ের আগে আবদুল্লাহ জিয়া প্রথম আলোকে জানান, তিনি এক বছর ধরে এ কারখানায় ওষুধ ও শক্তিবর্ধক পানীয় তৈরি করে আসছেন। এসব বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কারখানা ছাড়াও কুষ্টিয়া শহরের কোর্টপাড়া গোসালা রোডে প্রধান কার্যালয় আছে। তাঁর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ধলনগর গ্রামে।