কুষ্টিয়ায় অপহরণকারী চক্রের সাত সদস্য গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর থানার পুলিশ অপহরণকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম, আশরাফুল ইসলাম, হাসান আলী, জুয়েল হোসেন, কামরুল ইসলাম, উজ্জ্বল হোসেন ও জেকের আলী। তাঁদের বাড়ি দৌলতপুর ও মিরপুরের বিভিন্ন গ্রামে।পুলিশ জানায়, কয়েক মাস আগে মিরপুরের কাতলামারী গ্রামের বকুল হোসেন নামের এক ব্যক্তি অপহূত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। কিন্তু বকুলের মুঠোফোন ও মোটরসাইকেল অপহরণকারীরা রেখে দেয়। পুলিশ বকুলের মুঠোফোন ট্র্যাকিং করে প্রথমে শহীদুলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে শহীদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গতকাল রোববার ভোরে জেকেরকে পুলিশ মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।