কুষ্টিয়ায় অপহরণের চার বছর পর কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় চার বছর আগে অপহূত শহিদুল ইসলাম (২৭) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল ইসলাম (৩৪), চান্নু (২২) ও মাহাতাব (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তার শহিদুল ও চান্নু চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সক্রিয় সদস্য।পুলিশের কাছে চান্নুর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট লুত্ফন নাহারের উপস্থিতিতে পুলিশ শহিদুলের কঙ্কাল উদ্ধার করে। এ সময় কুয়ার ভেতরে থাকা পোশাক দেখে পরিবারের লোকজন শহিদুলকে শনাক্ত করেন। পুলিশ কঙ্কাল উদ্ধার করে আলামত হিসেবে সদর থানায় নিয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, অপহূত শহিদুলও গণমুক্তি ফৌজের সদস্য ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। পুলিশ জানায়, ২০০৬ সালের ৭ ডিসেম্বর সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামকে বাড়ি থেকে অস্ত্র দেখিয়ে অপহরণ করে সন্ত্রাসীরা। এক সপ্তাহ পর একই এলাকার নামদার নামের আরেক যুবক অপহূত হন। সহকারী পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, সম্প্রতি পুলিশ জানতে পারে ওই অপহরণের সঙ্গে গণমুক্তি ফৌজের সদস্য এবং আলামপুর ইউপি সদস্য শহিদুল, চান্নু, বাক্কা ও মাহাতাবসহ বেশ কয়েকজন জড়িত। এ ব্যাপারে অপহূত শহিদুলের স্ত্রী মর্জিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গত ১৯ মার্চ সদর থানায় অপহরণ মামলা করেন।