কুষ্টিয়ায় অপহরণের তিন দিন পর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় অপহরণের তিন দিন পর সোহাগ হোসেন (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ভেড়ামারা লালন শাহ সেতুর দক্ষিণ পাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ।সোহাগ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে অপহূত হন। তিনি সদর উপজেলার কুমারগাড়া এলাকার সৌদি প্রবাসী আব্বাস প্রামাণিকের ছেলে। পুলিশ ও সোহাগের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে নিজ মোটরসাইকেল নিয়ে বের হন সোহাগ। দুপুর ১২টার দিকে তিনি মুঠোফোনে তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। এর পর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যায় সোহাগ বাড়ি না ফিরলে আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করেন। বিষয়টি কুষ্টিয়া মডেল থানাকে লিখিতভাবে জানানো হয়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম বলেন, ধারণা করা হচ্ছে, তাঁকে অপহরণকারীরা শ্বাসরোধে হত্যা করে সেতুর পাশে ফেলে রেখে যায়।