কুষ্টিয়ায় অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
কুষ্টিয়ায় একটি ক্লিনিকে অবহেলায় রোজিনা খাতুন (৩০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সদর উপজেলার হরিনারায়ণপুর বাজারে ‘জনসেবা’ নামের ক্লিনিকে এ ঘটনা ঘটে। রোজিনা কুষ্টিয়া সদর উপজেলার পদ্মনগর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।আনোয়ার হোসেন বলেন, ‘সোমবার রাত সাড়ে ১২টার দিকে রোজিনার প্রসব বেদনা উঠলে আমি তাকে জনসেবা ক্লিনিকে নিয়ে যাই। ক্লিনিকের মালিক মোহাম্মদ বুলু একটা কাগজে সই নিয়ে ১০ মিনিটের মধ্যে সিজার (অস্ত্রোপচার) করতে হবে বলে জানান। কিন্তু আধা ঘণ্টা হলেও কোনো চিকিৎসক আসেননি। এ সময় রোজিনা ছটফট করতে থাকলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যেতে চাইলে চিকিৎসক চলে আসবে বলে আটকে রাখে। প্রায় দুই ঘণ্টা পর চিকিৎসক আসেন এবং অপারেশনের কক্ষে ঢুকে ২০ মিনিট পর চলে যান। আমাকে জানানো হয়, সন্তান হয়েছে। সবাই ভালো আছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মোহাম্মদ বুলু জানান, রোজিনার অবস্থা ভালো নয়। তাঁকে রাজশাহী নিতে হবে। মাইক্রোবাসে করে রাজশাহী নেওয়ার পথে ভেড়ামারার লালন শাহ সেতুর কাছে রোজিনা মারা যায়।’মোহামঞ্চদ বুলু জানান, রোগীর অবস্থা খারাপ হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়। অস্ত্রোপচারের সময় রোজিনা ভালো ছিল। কোনো গাফিলতি করা হয়নি। হোসেন ইমামের মুঠোফোনে যোগযোগের জন্য কয়েকবার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। একপর্যায়ে মুঠোফোন বন্ধ করে রাখেন।জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান সহকারী মোস্তাক হোসেন জানান, জনসেবা ক্লিনিকটি হাসান আলী নামের এক ব্যক্তি অনুমোদন নেন। তবে সেটি বুলু নামের তাঁর এক ভগ্নিপতি চালান। জনসেবা ক্লিনিক পরিদর্শন করে কোনো চিকিৎসক-সেবিকা পাওয়া যায়নি। ওই ক্লিনিকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।