কুষ্টিয়ায় অবৈধ যান চলাচল বন্ধ করে দিচ্ছে প্রশাসন
কুষ্টিয়া জেলার আওতাধীন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করে দিচ্ছে জেলা প্রশাসন। এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন জায়গায় বিআরটিএ মাইকিং করে এ ঘোষণা দেয়। আজ সোমবার থেকে এ ঘোষণা পুরোপুরি কার্যকর করা হবে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেঞ্চদ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ মে থেকে মহাসড়কে নছিমন-করিমন, আলগামন নামের অবৈধ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মহাসড়কে দুর্ঘটনা রোধসহ নানা কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রামের সড়কগুলোতে নছিমন-করিমন চলাচল করতে পারবে। কুষ্টিয়া বিআরটির মোটরযান পরিদর্শক হুমায়ন কবীর বলেন, গতকাল রোববার শহরের মীর মশাররফ সেতু, মঙ্গলবাড়িয়া ও চৌড়হাস এলাকার তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছিল। প্রাথমিকভাবে সব ধরনের অবৈধ যান, ত্রি-হুইলার জাতীয় সিএনজি, মাহেন্দ্র গাড়িগুলো সতর্ক করা হয়েছে। সোমবার থেকে রুট পারমিট ছাড়া কোনো যান চলাচল করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।