কুষ্টিয়ায় অবৈধ হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোলে অবৈধ পশুর হাট নিয়ন্ত্রণ নিয়ে গত বুধবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালে অস্থায়ী ভিত্তিতে চড়াইকোল এলাকায় রেলওয়ের জমিতে বাদশা আলম নামে এক ব্যক্তিকে বাৎসরিক ৫০ হাজার টাকায় পশুর হাটের ইজারা দেওয়া হয়। বাদশা কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান খান ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ-সমর্থিত। হাট থেকে বছরে প্রায় সাড়ে তিন কোটি টাকা উঠত। হাটের নিয়ন্ত্রণ নিয়ে নন্দলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমানের সঙ্গে বাদশার বিরোধ চলে আসছিল। জিয়াউর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ-সমর্থিত।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুরে হাট শুরু হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল্লাহ শেখসহ ১০ জন আহত হন।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, অবৈধভাবে হাটের কার্যক্রম চলে আসছিল। বিষয়টি জানার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। হাটের ইজারার ব্যাপারে ব্যাখ্যা চেয়ে ইউএনওকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আবদুর রউফ বলেন, মান্নান খান ও সামসুজ্জামান অরুণ হাটটি অবৈধভাবে নিয়ন্ত্রণ করতেন। মান্নান খান বলেন, কাগজে-কলমে ৫০ হাজার টাকায় ইজারা নেওয়া হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নওয়াজ বলেন, পুলিশকে মারধর ও চেয়ারম্যানের বাড়িতে মাদকদ্রব্য পাওয়ায় বুধবার বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেক মামলায় চেয়ারম্যানকে প্রধান আসামি করা হয়েছে।