কুষ্টিয়ায় অভিযোগ গঠন জয়পুরহাটে আজ রায়
বিডিআর বিদ্রোহের মামলায় কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ সদস্যের বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। রাঙামাটিতে বিশেষ আদালত-১৫তে গতকাল ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নওগাঁ ৪৩ রাইফেল ব্যাটালিয়নের মামলার রায় ঘোষনা করা হবে ২৪ জানুয়ারি।সাক্ষ্য গ্রহণ এবং বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের ২০ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ২৩ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ গতকাল শেষ হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের ৪০ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ১২ জন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ ছাড়া শুনানি শেষে আদালতের বাইরে আরও দুজন লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। গতকাল সকাল আটটায় বিশেষ আদালত-১৭তে অভিযোগ গঠন করা হয়। আদালতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম সরকার।শুরুতে মামলার প্রসিকিউটর ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আদালতে আবেদন জানান। আদালতের সভাপতি আবার আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান এবং পৃথকভাবে আসামিরা নিজেদের দোষী না নির্দোষ, তা জিজ্ঞেস করেন। এ সময় ১২ জন আসামি নিজেদের দোষ স্বীকার করেন। পরে আদালতের সভাপতি আসামিদের অভিযোগ গঠনের ঘোষণা দেন। বেলা ১১টার দিকে একই আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত ২৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের সময় আসামিরা তাঁদের জেরা করেন। পরে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।রাঙামাটি: বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৫তে গতকাল সকাল নয়টায় বিচার কার্যক্রম শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। গতকাল ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হলো। আদালত আগামী ১২ জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।জয়পুরহাট: জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ২০ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিচারাধীন মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ১৩ নম্বর আদালতের বিচারক প্যানেলের প্রধান দিনাজপুুর অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ্ আহম্মদ এই রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।মামলার সূত্রে জানা গেছে, জয়পুরহাট ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম বাদী হয়ে বিডিআর আইনে ২০ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে এই মামলা করেন। রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন। এই মামলায় ২০ জন আসামির মধ্যে ১৩ জন আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান। বাকি সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন।ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ২৩ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ গতকাল বুধবার বিকেল পৌনে চারটায় শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৩তে গত সোমবার দুপুরের পর থেকে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক হবে। বিডিআর দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল সালেহ আহমাদের সভাপতিত্বে গতকাল ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।নওগাঁ: নওগাঁয় বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল একজন আসামির সাফাই সাক্ষ্য গ্রহণসহ যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২-তে মামলার এই কার্যক্রম চলে। পরে আদালতের কার্যক্রম ২০১১ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করে ওই দিন রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী সেক্টরের অধিনায়ক কর্নেল এহিয়া আজম খান।