কুষ্টিয়ায় অর্ধশত গ্রাম প্লাবিত
পদ্মার পানি অস্বাভাবিক বাড়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চরাঞ্চলের চারটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম দুই সপ্তাহ ধরে পানির নিচে। সেখানকার লক্ষাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। বন্যাকবলিত ব্যক্তিদের মধ্যে কিছু লোক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। তবে অধিকাংশ পরিবার ঘরে মাচা করে এবং চালের ওপর আশ্রয় নিয়েছে। দুর্গত এলাকায় এখনো সরকারি কোনো ত্রাণ পৌঁছায়নি। গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৮টি এবং পার্শ্ববর্তী চিলমারী ইউনিয়নের ১৮টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের ১৪টি গ্রাম। রমকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ঘরের চালের ওপর বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে খুব কষ্টে আছি।’ এখনো পর্যন্ত কেউ তাঁদের খোঁজ নেননি বলে তিনি অভিযোগ করেন। পানিতে দাঁড়িয়ে রবজেল আলী (৫০) অভিযোগ করেন, ‘ভোটের সময় নেতারা আসে, ভোট শেষ হলি আর কেউ খোঁজ রাখে না।’তবে অভিযোগ অস্বীকার করে রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক বলেন, ‘বন্যাকবলিত মানুষের খোঁজখবর প্রতিনিয়ত নেওয়া হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এখনো সরকারি ত্রাণ-সহায়তা পাওয়া যায়নি।’ চিলমারী ইউপির চেয়ারম্যান সৈয়দ আহমেদ বলেন, ‘ইউনিয়নের সব গ্রামই বন্যার পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে কৃষকেরা আউশ ধান ও পাট কেটে ঘরে তোলার আগেই তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে আছেন।’ বন্যাদুর্গত মানুষের জন্য এখন পর্যন্ত সরকারি ত্রাণ-সহায়তা পাননি বলে তিনি জানান।দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হেনা মো. মোস্তফা কামাল বলেন, ‘রামকৃষ্ণপুর ও চিলমারীর বেশির ভাগ গ্রাম বন্যাকবলিত হয়েছে। তবে ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের খবর এখনো পাইনি। ত্রাণের ব্যাপারে জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। আজ (গতকাল) চিলমারী ইউনিয়নের জন্য সাত মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। অচিরেই তা বিতরণ করা হবে।’