কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ চরমপন্থী গ্রেপ্তার
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। পুলিশের দাবি, আবদুল মান্নান ঢালী (৪৫) নামে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সক্রিয় সদস্য। এ সময় পুলিশ তাঁর হেফাজত থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভাষ্যমতে, পুলিশ জানতে পারে, মান্নান কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাত আড়াইটার সময় সেখানে অভিযান চালিয়ে মান্নানকে গ্রেপ্তার করে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মান্নানের বিরুদ্ধে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানা ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পৃথক দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।