কুষ্টিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, তিনজন গ্রেপ্তার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে পুলিশ একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পুলিশ কারখানাটির সন্ধান পায়। পরে পুলিশ সেখান থেকে তিনটি শাটারগান ও দুটি বোমা উদ্ধার করে এবং কারখানার তিনজন কর্মচারীকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার সুরুজ আলী, লাহিনীপাড়া এলাকার শফিকুল ইসলাম ও কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের হজরত আলী।অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফকরুজ্জামান জুয়েল। তিনি বলেন, চৌরঙ্গী বাজারে আক্কাস আলী নামের এক ব্যক্তির লোহার যন্ত্রাংশ তৈরির কারখানা (লেদ মেশিন) রয়েছে। কারখানায় দিনের বেলায় লোহার যন্ত্রাংশ তৈরি হয় এবং রাতের বেলায় দেশীয় শাটারগান তৈরি হয়। এএসপি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুমারখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। কারখানার মালিক পলাতক। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।