কুষ্টিয়ায় অ্যাসিড ছোড়ার ঘটনায় মামলা
কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামে একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে কলেজছাত্রীর বাবা আয়ুব আলী বাদী হয়ে এ মামলা করেন।
এলাকাবাসী ও পুলিশের অভিযোগ, গোপালপুর গ্রামের হালিম মোল্লা ও মনির উদ্দীনের মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত শনিবার রাত নয়টার দিকে হালিম মোল্লার সমর্থক আয়ুব আলীর বাসায় দুর্বৃত্তরা অ্যাসিড ছোড়ে। এ সময় চৌকিতে শুয়ে থাকা আয়ুব আলীর বোন সালেহা, মেয়ে সোনিয়া ও ভাইয়ের ছেলে তিতুমীর আহত হন। রাতেই তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সোনিয়া এ বছর স্থানীয় ঝাউদিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। অবস্থা খারাপ হওয়ায় সোনিয়া ও তিতুমীরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সোনিয়ার বাবা আয়ুব আলী বাদী হয়ে আটজনের নামে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোনিয়ার চাচা রিয়াজুল ইসলাম মুঠোফোনে আজ সকালে প্রথম আলোকে জানান, সোনিয়ার শরীর ব্যান্ডেজ করা হয়েছে। চোখের আঘাত শঙ্কামুক্ত। চিকিত্সকেরা পাঁচটি পরীক্ষা দিয়েছেন। তিতুমীরকে চিকিত্সকেরা ছেড়ে দিয়েছেন। তাঁকে ঢাকাতেই মামার বাড়িতে রাখা হয়েছে।