কুষ্টিয়ায় অ্যাসিড নিক্ষেপের ঘটনায় আবারও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার গোপালপুর গ্রামে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গত শনিবার সন্ধ্যায় বাদী ও আসামিপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৫টি গুলি ছুড়ে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ৬ জুলাই রাতে গোপালপুর গ্রামের কলেজছাত্রী সোনিয়া (১৮), তাঁর ফুফু সালেহা খাতুন (৫০) ও চাচাতো ভাই তিতুমীরের (১৩) ওপর দুর্বৃত্তরা অ্যাসিড ছোড়ে। এ নিয়ে পরদিন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আহত হয় ২০ জন। এ ঘটনায় সোনিয়ার বাবা আইয়ুব আলী আটজনের নামে মামলা করেন। এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যার দিকে গোপালপুর চরপাড়ায় আসামিপক্ষের লোকজন বাদীপক্ষের সঙ্গে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি সামলাতে শটগানের ১৫টি ফাঁকা গুলি ছোড়ে।