কুষ্টিয়ায় একে-৪৭ রাইফেল উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক তাসলিমা খান আঁখিসহ (৩৫) চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন মৃধা গতকাল সোমবার বিকেলে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন তাসলিমার সহযোগী কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার আব্দুর রাজ্জাক (২৯), হাউজিং এস্টেটের সি ব্লকের রানী খাতুন (২৬) ও দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রামের আক্কাস আলী মোল্লা (৪০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মাইক্রোবাস চালক শাহিন আলীকে (২৭) বেকসুর খালাস দেন আদালত।জানা যায়, কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গত বছরের ২ নভেম্বর রাতে শহরতলীর বারখাদা ত্রিমোহনীতে একটি মাইক্রোবাস আটক করে। গাড়িটির যাত্রীদের শরীর তল্লাশি করে ৮২টি গুলিসহ একটি একে-৪৭ রাইফেল, একটি শটগান ও পাঁচটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র বহনের অভিযোগে পুলিশ তাসলিমা খান, চরমপন্থী নারী সদস্য রানী খাতুন, আবদুর রাজ্জাক ও মাইক্রোবাসের চালক শাহীনকে গ্রেপ্তার করে। পরে তাসলিমার স্বীকারোক্তি অনুযায়ী, দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র রাখার অভিযোগে আক্কাস আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই নওশাদ আলী বাদী হয়ে ৩ নভেম্বর কুষ্টিয়া সদর থানায় ওই পাঁচজনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেন।