কুষ্টিয়ায় আ.লীগে যোগ দেওয়া সেই জামায়াত নেতা আত্মগোপনে
কুষ্টিয়ায় আওয়ামী লীগে যোগ দেওয়া জামায়াতে ইসলামীর সাবেক রোকন নওশের আলী আত্মগোপনে চলে গেছেন। আজ বুধবার নওশেরকে শহরের কোথাও দেখা যায়নি। এমনকি তাঁর ব্যক্তিগত দুটি মুফোঠোনও বন্ধ পাওয়া গেছে।
গত সোমবার রাতে কুষ্টিয়া শহরে এক নির্বাচনী মঞ্চে জেলা জামায়াতের রোকন ও পরিবহনের নেতা নওশের আলী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে করমর্দন করে দলে যোগ দেন। তিনি মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি ও জামায়াতপন্থী সংগঠন শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি।
জেলা ছাত্রশিবিরের এক শীর্ষস্থানীয় নেতা মুঠোফোনে ‘প্রথম আলো’কে জানান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম নওশের আলীর দূর সম্পর্কের আত্মীয়। রবিউল সোমবার রাতে হানিফের নির্বাচনী সভায় নওশেরকে ডেকে নিয়ে যান। সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।
ওই নেতা বলেন, ২০১২ সালের ৫ নভেম্বর কুষ্টিয়া শহরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। মামলায় নওশের আলী গ্রেপ্তার হয়ে প্রায় ছয়-সাত মাস কারাগারে থাকেন। চার-পাঁচ মাস আগে তিনি ছাড়া পান।
শিবিরের ওই নেতা আরও বলেন, গত ১৪ ডিসেম্বর রাতে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ওই হত্যাকাণ্ডের এখনো কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। এ হত্যাকাণ্ডে তাঁকে ফাসানো হতে পারে বলে নওশের আলী মানসিক চাপে ছিলেন। পরিবহন-ব্যবসা ছাড়াও নওশের আলী ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানির সাবেক একজন প্রভাবশালী শ্রমিকনেতা। তিনি কোটিপতি ব্যবসায়ী।
এদিকে নওশের আলীর আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘটনায় জেলা জামায়াত গতকাল এক জরুরি বৈঠক করেছে। বৈঠকের পর নওশেরকে আওয়ামী লীগে যোগ দেওয়ার ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। সদুত্তর না দিতে পারলে তাঁকে দলে থেকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব ঘটনার পর থেকে নওশের আলীকে শহরে দেখা যায়নি। তাঁর দুটি মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।