কুষ্টিয়ায় আ.লীগের কাঁটা আ.লীগ
জেলার চারটি আসনের মধ্যে কুষ্টিয়া-১ ও ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে লড়বেন একই দলের অন্য দুই নেতা। কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনএফের প্রার্থী। কুষ্টিয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ফাঁকা মাঠে ‘জয়’ পেয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রার্থী যিনিই হোন, ভোট নিয়ে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে তেমন উত্তেজনা নেই। নেই কোনো আগ্রহ। এলাকায় নেই নির্বাচনী কার্যালয়, আগামী ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন হবে—এ কথাও অনেকে জানেন না।
কুষ্টিয়া-১ আসনে (দৌলতপুর) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন সাংসদ আফাজ উদ্দীন আহম্মেদ। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী। আগে থেকেই এই উপজেলায় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত। নির্বাচনেও সেটা প্রকাশ্য রূপ নিয়েছে।
কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর) হাসানুল হক ইনু ছাড়া প্রার্থী ছিলেন জাতীয় পার্টির আহসান হাবিব। প্রত্যাহারের শেষ দিন হঠাৎ করেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
কুষ্টিয়া-৩ আসনে (সদর) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন মাহবুব উল আলম হানিফ। আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ছয়জন প্রত্যাহার করেন। বিএনএফের প্রার্থী রকিব উর রহমান চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তিনিই হানিফের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনএফের প্রার্থী রকিব উর রহমান চৌধুরী অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন। এ ব্যাপারে ইসির কাছে আবেদন করেছেন।
কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) আওয়ামী লীগের প্রার্থী আবদুর রউফ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দীন খান। বর্তমান সাংসদ সুলতানা তরুণ দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। এ ছাড়া রয়েছেন ন্যাপের প্রার্থী আবদুল বারী জোয়ার্দ্দার ও জাসদের রোকনুজ্জামান বাদল।