কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের গুলিবিনিময়
কুষ্টিয়ার মিরপুরে হাটের ইজারা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মতিয়ার রহমান নামে একজন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে মিরপুর বাজারের ঈগল চত্বরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে মিরপুর উপজেলার ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ আলী জোয়ার্দ্দারের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক মতিয়ার রহমান ও তাঁর ভাই হিরোক জোয়ার্দ্দার মোটরসাইকেলযোগে ঈগল চত্বরের একটি খাবার হোটেলে যাচ্ছিলেন। এ সময় পৌরসভার মেয়র এনামুল হক সমর্থিত ১০-১২ জন লোক তাঁদের গতিরোধ করে এবং এলোপাতাড়ি মারতে থাকে। তাঁরা পালানোর চেষ্টা করলে কয়েকটি গুলি ছোড়া হয়। পরে মোহাম্মদ আলী জোয়ার্দ্দারের পক্ষের লোকজন রাত সাড়ে নয়টার দিকে ঈগল চত্বরে এসে হামলাকারীদের ওপর চড়াও হয় এবং গুলিবর্ষণ করে। এ সময় উভয় পক্ষের প্রায় ১২-১৩টি গুলিবিনিময় হয় বলে এলাকাবাসী জানায়। খবর পেয়ে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মোহাম্মদ আলী জোয়ার্দ্দার মঙ্গলবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত সোমবার মিরপুর পশুহাটের ইজারায় তিনি ৪৫ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা হন। অন্যদিকে মিরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক পক্ষের শাহিনুল ইসলাম ৩৩ লাখ ৫০ হাজার টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন। তিনি অভিযোগ করে বলেন, ইজারায় শাহিনুল ইসলাম সর্বোচ্চ দরদাতা না হওয়ায় এনামুল হক পুনঃ ইজারার প্রক্রিয়া শুরু করেন। এতে তিনি প্রতিবাদ করায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁর লোকজন তাঁদের ওপর চড়াও হয়। এ ব্যাপারে গত মঙ্গলবার রাত ১০টার দিকে মেয়র এনামুল হকের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, গুলিবিনিময় হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে, তবে কোনো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। এলাকায় আতঙ্ক ছড়াতে পটকা জাতীয় কোনো কিছু বিস্ফোরিত হতে পারে। উভয় পক্ষের মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।