কুষ্টিয়ায় আ.লীগের সংঘর্ষ: আরও একজনের মৃত্যু
কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম শাহানুর রহমান (৪২)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার আজ বুধবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সংঘর্ষের পর থেকে ওই হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে শাহানুর মারা যান। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক (তদন্ত) ও এই মামলার তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ওই সংঘর্ষের ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় মামলায় এখন পর্যন্ত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৩০ জন কারাগারে আছেন। গতকাল রাতেও দুজনকে আটক করা হয়েছে। শাহানুরের মৃত্যুতে যাতে নতুন করে কোনো বিবাদ সৃষ্টি না হয়, সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার ঝাউদিয়ার ওই সংঘর্ষে এনামুল হক (৪৫) ও বিল্লাল হোসেন (৪০) নামের দুজন নিহত হন।
আরও পড়ুন...
আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২