কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার মৃত্যু দুই চিকিৎসককে মারধর
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা বদর উদ্দিন (৬০) গত মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বদর উদ্দিনের স্বজনেরা ওই হাসপাতালের চিকিৎসকদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার হূদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার পর রাত ১০টার দিকে বদর উদ্দিনকে তাঁর স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির ২০ মিনিট পর ২ নম্বর ওয়ার্ডে বদর উদ্দিন মারা যান। রোগীর স্বজনদের মানসিকতা বুঝে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করতে দেরি করেন। এ সময় রোগীর স্বজনেরা চিকিৎসকদের মারধর করেন।ওই সময়ে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক শহিদুল আজম জানান, বদর উদ্দিনকে হাসপাতালে আনার পর তাঁর পালস ও বিপি পাওয়া যাচ্ছিল না। জরুরিভাবে তাঁকে ভর্তি করে ওয়ার্ডে নিয়ে অক্সিজেন দিতে বলা হয়। ওয়ার্ডে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ সময় রোগীর স্বজনেরা চিকিৎসক রিপনকে ঘুষি মারেন। এ ছাড়া তাঁকে (আজম) ও চিকিৎসক শাহিন আকতারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, চিকিৎসকদের মারধরের খবর পেয়ে কুষ্টিয়া মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) শিক্ষার্থীরা এসে হাসপাতালের বাইরে কয়েকটি ওষুধের দোকান ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন জানান, রোগীর স্বজনেরা তিনজন চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।